ত্রয়োদশ জাতীয় সংসদের ৪১ বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বিভিন্ন ধরনের যান চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ এপ্রিল নির্ধারিত ভোটগ্রহণের দিনকে সামনে রেখে ৮ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে ৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।
এ ছাড়া ৭ এপ্রিল রাত ১২টা থেকে ১০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ ও চিকিৎসাসামগ্রী বহনকারী যান এবং সংবাদপত্র পরিবহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
একই সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতকারী যানবাহন চলাচল করতে পারবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের জন্য রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শনের শর্তে একটি করে গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হবে।
এ ছাড়া সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন বা মোটরসাইকেল নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে।
জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তজেলা বা মহানগরে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং সংযোগ সড়কে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় থাকবে।
