মুখের ভেতর, মাড়ি কিংবা জিভে ছোট ছোট ঘা অনেকের কাছেই পরিচিত এক সমস্যা। এটি যেমন ব্যথাদায়ক, তেমনি খাওয়া-দাওয়া ও কথা বলার সময়ও অস্বস্তি তৈরি করে। চিকিৎসকদের মতে, মুখে ঘা হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে মানসিক চাপ, ভিটামিনের ঘাটতি, অনিয়মিত জীবনযাপন ও শারীরিক দুর্বলতা উল্লেখযোগ্য।
অন্যদিকে, ভিটামিনের ঘাটতিও মুখে ঘা হওয়ার অন্যতম বড় কারণ। বিশেষ করে ভিটামিন বি১২ শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, নিরামিষভোজীদের মধ্যে অনেকেই এই ভিটামিনের ঘাটতিতে ভোগেন। ভিটামিন বি১২-এর অভাব হলে মুখে বারবার ঘা হওয়া, জিহ্বা লাল হয়ে যাওয়া এবং জ্বালাপোড়া অনুভূত হতে পারে।
এ ছাড়া ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতিতে ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, মুখের কোণে ফাটল বা ক্ষত দেখা দিতে পারে। আবার ভিটামিন সি কমে গেলে মুখের ভেতরে ঘা তৈরি হওয়া এবং মাড়ি থেকে রক্ত পড়ার মতো সমস্যাও দেখা দেয়।
তবে শুধু ভিটামিনের অভাবই নয়, আরও কিছু কারণেও মুখে ঘা হতে পারে। যেমন—আয়রনের ঘাটতি, অতিরিক্ত ঝাল বা টক খাবার খাওয়া, গ্যাস্ট্রিকের সমস্যা কিংবা মুখের ভেতরে দুর্ঘটনাবশত আঘাত লাগা।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এ ধরনের সমস্যা এড়াতে প্রতিদিন সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। খাদ্যতালিকায় পর্যাপ্ত সবজি, ফলমূল, ডিম ও দুধ রাখার পাশাপাশি নিয়মিত পানি পান করাও গুরুত্বপূর্ণ। তবে মুখে ঘা যদি বারবার হয় বা দীর্ঘদিনেও না সারে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
