গরমের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করা আরো জরুরি হয়ে ওঠে। এই সময় সানস্ক্রিনই সবচেয়ে ভরসাযোগ্য সুরক্ষা। যদিও অনেকেই শুধু গ্রীষ্মেই সানস্ক্রিন ব্যবহার করেন, আসলে সারা বছরই এটি ব্যবহার করা উচিত।
তবে অনেকের অভিযোগ, সানস্ক্রিন লাগালেই ত্বক ঘেমে যায় এবং অস্বস্তি তৈরি হয়।
বিশেষজ্ঞদের মতে, সানস্ক্রিনে অক্সিবেনজ়োন বা অকটিনঅক্সেটের মতো কিছু রাসায়নিক উপাদান এড়িয়ে চলা ভালো, কারণ এগুলো ত্বকে জ্বালা, র্যাশ বা ব্রণের সমস্যা বাড়াতে পারে। এ ছাড়া অ্যালকোহল, অতিরিক্ত সুগন্ধি বা এসেনশিয়াল অয়েল থাকলেও ত্বকের ক্ষতি হতে পারে।
সানস্ক্রিন বাছার ক্ষেত্রে এসপিএফ-এর মাত্রাও গুরুত্বপূর্ণ। সাধারণত এসপিএফ ১৫ থেকে ৫০-এর মধ্যে থাকলেই পর্যাপ্ত সুরক্ষা পাওয়া যায়। এসপিএফ যত বেশি, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষাও তত বেশি।
যাদের সানস্ক্রিন ব্যবহার করলে ঘাম বেশি হয়, তারা আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নিতে পারেন। পাশাপাশি সানস্ক্রিন লাগানোর আগে ভিটামিন সি সিরাম ব্যবহার করলে ত্বক অতিরিক্ত সুরক্ষা পায় এবং সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে সাহায্য করে।
