অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি কথা কম বলি, কাজ বেশি করি। সবে মাত্র মন্ত্রণালয়ে বসলাম। আমার কর্মকর্তাদের সঙ্গে বসে সব কিছু জানি তারপর কথা বলব। আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য দিতে চাই।
রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওস্থ পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথম কার্যদিবসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, অন-টাইম আপনারা সব কিছু জানতে পারবেন। আমি কিন্তু প্রেস ফ্রেন্ডলি সেটা আপনারা সবাই জানেন।
এর আগে পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের সচিবেরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানাতে এলে তিনি কর্মকর্তাদের পেশাদারিত্বের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। মন্ত্রী বলেন, ‘ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজ করার সময়। ফুল দেওয়া অনেক হয়েছে আর নয়, এখন কাজে মনোযোগী হতে হবে।
মন্ত্রীর প্রথম কর্মদিবসে এসময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
