আট বছর আগে প্রথমবার বিশ্বকাপে উঠে গোটা পানামা রাস্তায় নেমে উৎসব করেছিল। ২০২৬ বিশ্বকাপেও তারা ফিরছে, তবে এবার মানসিকতাটা আলাদা। শুধু অংশ নেওয়া নয়, লড়াই করে কিছু অর্জন করাই এবারের লক্ষ্য। কোচ থমাস ক্রিস্টিয়ানসেনের কথায়, পানামা এবার শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সরাসরি মোকাবিলা করতে প্রস্তুত।
বিশ্বকাপে ওঠার পথটা মসৃণ ছিল না। কনকাকাফ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে নিকারাগুয়া, গায়ানা, মন্টসেরাত ও বেলিজকে হারিয়ে গ্রুপ শীর্ষে শেষ করে পানামা। সেই পর্বে ১০ গোল করে মাত্র একটি হজম করেছে। পরের রাউন্ডে সুরিনাম, গুয়াতেমালা ও এল সালভাদরের গ্রুপে প্রথম চার ম্যাচে মাত্র ছয় পয়েন্ট নিয়ে সংকটে পড়েছিল। কিন্তু সবচেয়ে কঠিন মুহূর্তে গুয়াতেমালাকে ৩-২ ও এল সালভাদরকে ৩-০ গোলে হারিয়ে ১৮ নভেম্বর ২০২৫ সালে নিশ্চিত করে বিশ্বকাপের টিকেট।
২০১৮ বিশ্বকাপের স্মরণীয় মুহূর্ত ও এরপরের পথচলা
রাশিয়া ২০১৮ বিশ্বকাপে পানামা বেলজিয়াম, ইংল্যান্ড ও তিউনিসিয়ার বিরুদ্ধে হেরে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল। কিন্তু সেই টুর্নামেন্টের সবচেয়ে আবেগময় মুহূর্ত ছিল ডিফেন্ডার ফেলিপে বালয়ের ইংল্যান্ডের বিরুদ্ধে করা সেই গোল, পানামার বিশ্বকাপ ইতিহাসের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র গোল। এরপর থেকে পানামা মধ্য আমেরিকার শীর্ষ দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। ২০২৩ কনকাকাফ গোল্ড কাপ ফাইনাল ও ২০২৫ নেশনস লিগ ফাইনালে পৌঁছানো তার প্রমাণ।
কোচ থমাস ক্রিস্টিয়ানসেন ও মূল খেলোয়াড়রা
২০২০ সাল থেকে পানামার কোচের দায়িত্বে থাকা থমাস ক্রিস্টিয়ানসেন দলটির ইতিহাসের দীর্ঘমেয়াদী কোচ। ডেনমার্কে জন্ম নেওয়া এই স্পেনীয় বংশোদ্ভূত কোচ খেলোয়াড় হিসেবে স্পেনের অনূর্ধ্ব-২১ ও জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ২০০২-০৩ মৌসুমে বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। কোচ হিসেবে লিডস ইউনাইটেড, ইউনিয়ন এসজিসহ বিশ্বের বিভিন্ত দলে কাজ করেছেন। তিনি বলেছেন, বিশ্বকাপে পানামার জার্সিতে জাতীয় সংগীত শোনার মুহূর্তটি স্বপ্নের মতো হবে।
দলের মূল খেলোয়াড়দের মধ্যে আছেন অভিজ্ঞ ফরোয়ার্ড হোসে ফাহার্দো, উইঙ্গার পুমা, স্ট্রাইকার সেসিলিও ওয়াটারম্যান, মিডফিল্ডার আদালবার্তো কার্রাসকিয়া, অ্যানিবাল গোদয় ও আমির মুরিয়ো। তরুণ কার্লোস হার্ভেও এই সেটআপে দারুণ উন্নতি করেছেন।
গ্রুপ এল এবং পানামার বিশ্বকাপ সূচি
ফিফা র্যাংকিংয়ে ৩৩তম পানামা পড়েছে গ্রুপ এলে, যেটিকে অনেকে দ্বিতীয় কঠিনতম গ্রুপ বলছেন। তাদের প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, গত আসরের তৃতীয় স্থানধারী ক্রোয়েশিয়া এবং আফ্রিকার শক্তিশালী দল ঘানা।
১৭ জুন টরন্টোতে ঘানার বিরুদ্ধে, ২৩ জুন টরন্টোতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এবং ২৭ জুন নিউ ইয়র্ক বা নিউ জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে পানামা।
বিশ্বকাপ শুরুর আগে ৩১ মে রিও দে জেনেইরোতে ব্রাজিলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে পানামা। কোচ ক্রিস্টিয়ানসেন বলেছেন, পানামার সমর্থকরা শুধু সান্ত্বনা গোলে খুশি হওয়ার দিন শেষ। এবার আরও উঁচুতে লক্ষ্য ধরার সময় এসেছে।
