পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে বিশেষ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় মোট ১ হাজার ৩৭৮ জন পরিচ্ছন্নতা কর্মীর হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
সোমবার (২৫ মে) বিকাল ৪টায় বরিশাল নগর ভবনের নগর মিলনায়তন (অডিটোরিয়াম) এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসির প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সাবেক কাউন্সিলর আলতাফ মাহমুদ সিকদার, শাহ আমিনুল ইসলাম আমিন ও হাবিবুর রহমান টিপু। এছাড়াও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই কঠোর পরিশ্রমের প্রতি সম্মান জানিয়ে এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে এবং সিটি কর্পোরেশনের কর্মীদের কল্যাণে বর্তমান প্রশাসন সবসময় আন্তরিক ও বদ্ধপরিকর।
