জামালপুরের মাদারগঞ্জে ঘুমন্ত অবস্থায় ৮৫ বছর বয়সী এক নারীর কান ছিঁড়ে স্বর্ণের গয়না নিয়ে গেছে চোর।
বুধবার (২৯ এপ্রিল) দিবাগত ১টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম কয়েদভান। তিনি ওই এলাকার মৃত হোসেন আলীর স্ত্রী। বিধবা কয়েদভান একাই তার ঘরে থাকতেন।
ভুক্তভোগী জানান, প্রতিদিনের মত বুধবার রাতে ঘুমিয়ে পড়লে আনুমানিক রাত ১টার দিকে অজ্ঞাত চোর তার ঘরের জানালা কেটে ঢুকে ডান কানের দুলটি টান মেরে নিয়ে যায়। এতে কয়েদভানের কান ছিঁড়ে যায়। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন আসেন। কানছিঁড়ে অতিরিক্ত রক্তক্ষরণ হলে কয়েদভানকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তিনি সেখানে ভর্তি রয়েছে।
কয়েদভানের নাতি সুজন সর্দার আক্ষেপ করে বলেন, এলাকায় সম্প্রতি চুরি বেড়ে গেছে। আমার ৮৫ বছর বয়সী নানি একাই ঘরে থাকতেন। জানালার পাশেই ছিল বিছানা। গভীর রাতে চোর জানালা কেটে ঢুকে কানের দুল টান দিয়ে নিয়ে যায়।
মাদারগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, আহত বৃদ্ধাী প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার কানে ১০টি সেলাই দেওয়া হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ঘটনাটি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।
