বলিউডের শীর্ষ তারকা সালমান খান এখন চড়া পারিশ্রমিক নিলেও ক্যারিয়ারের শুরুতে এক সিনেমায় নায়িকার চেয়ে কম পারিশ্রমিক পেয়েছিলেন। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ম্যায়নে প্যায়ার কিয়া ছবিতে এই ঘটনা ঘটে।
বিভিন্ন সূত্রের বরাতে জানা যায়, ছবিটিতে অভিনয়ের জন্য সালমান খান পেয়েছিলেন মাত্র ২৫ হাজার রুপি। অন্যদিকে নবাগত অভিনেত্রী ভাগ্যশ্রী একই সিনেমায় পারিশ্রমিক পান ১ লাখ রুপি, যা সালমানের চেয়ে প্রায় চারগুণ বেশি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন ভাগ্যশ্রী। তিনি জানান, এটি পুরোপুরি ব্যবসায়িক সিদ্ধান্ত ছিল এবং পারিশ্রমিক নির্ধারণে চাহিদা ও সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভাগ্যশ্রী বলেন, একজন শিল্পী যতই পরিশ্রম করুন না কেন, প্রযোজক বা পরিচালক যদি মনে করেন অন্য কাউকে দিয়ে কাজটি করানো সম্ভব, তাহলে তারা সেই অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করেন। এ ক্ষেত্রে শিল্পীরই সিদ্ধান্ত নিতে হয় তিনি ওই পারিশ্রমিকে কাজ করবেন কি না।
তিনি আরও বলেন, কাজের সুযোগ পেতে অনেকেই কম পারিশ্রমিকে রাজি হয়ে যান, যা পারিশ্রমিক সমতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।
সুরাজ বারজাত্য পরিচালিত ম্যায়নে প্যায়ার কিয়া ছিল ভাগ্যশ্রীর প্রথম সিনেমা। সালমান খান এর আগে মাত্র একটি সিনেমায় অভিনয় করেছিলেন। মুক্তির পর ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং সালমান খান, ভাগ্যশ্রী, অলোক নাথ, রিমা লাগু, মনীশ বহেল অভিনীত এই সিনেমা দুই তারকাকেই এনে দেয় জনপ্রিয়তা।
