অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট এবং সেলেনা গোমেজ ব্র্যাডি করবেটের আসন্ন চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন। চলচ্চিত্রটি ৭০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত একটি ‘এক্স-রেটেড’ এপিক হবে বলে আশা করা যাচ্ছে।
এতে জার্মান-আইরিশ অভিনেতা মাইকেল ফাসবেন্ডারও অভিনয় করছেন। কান চলচ্চিত্র উৎসবে একটি মাস্টারক্লাস সেশনে ব্ল্যানচেট এই প্রজেক্টটির কথা প্রকাশ করেছেন।
আসন্ন চলচ্চিত্রটির প্রেক্ষাপট উনিশ শতক থেকে ১৯৭০-এর দশকে স্থানান্তরিত হবে। কাপলান মরিসন ব্যানারের অ্যান্ড্রু মরিসন প্রযোজিত এই চলচ্চিত্রটি করবেটের ফিল্মোগ্রাফিতে চতুর্থ চলচ্চিত্র। এর আগে তিনি ‘দ্য চাইল্ডহুড অফ এ লিডার’ (২০১৫), ‘ভক্স লাক্স’ (২০১৮) এবং ‘দ্য ব্রুটালিস্ট’ (২০২৪)-এ অভিনয় করেছেন।
মার্টিন স্কোরসেসি, ডেভিড ফিনচার, গিয়েরমো দেল তোরো এবং ওয়েস অ্যান্ডারসনের মতো যুগান্তকারী পরিচালকদের সঙ্গে কাজ করার পর, অস্কার বিজয়ী অভিনেত্রী ব্ল্যানচেটকে সর্বশেষ জিম জারমুশের ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল। তার আসন্ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘হাউ টু ট্রেন ইওর ড্রাগন ২’, ‘সুইটসিক’ এবং ‘আলফা গ্যাং’ নির্মাণের বিভিন্ন পর্যায়ে রয়েছে।
ডিজনির একজন পপ আইকন গোমেজের সর্বশেষ ফিচার ফিল্ম ছিল বিশ্বব্যাপী প্রশংসিত ‘এমিলিয়া পেরেজ’ (২০২৪)। কার্লা সোফিয়া গ্যাসকন অভিনীত এবং জ্যাক অডিয়ার্ড পরিচালিত এই চলচ্চিত্রটি একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার ও মনোনয়ন লাভ করে। এর মধ্যে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, কান চলচ্চিত্র উৎসব, ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস রয়েছে।
