বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে রবিন (২৮) নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে শহরের ফুলবাড়ী দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিন উত্তর চেলোপাড়ার মো. মিরাজের ছেলে এবং শহরে ফলের ব্যবসা করতেন তিনি।
জানা যায়, পূর্ব শত্রুতার জেরে রবিবার রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে রবিনকে কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে নেয়া হয়।
নিহতের ভাই টোটন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের রক্ত দেখি। পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। এর আগেও আমার ভাইয়ের ওপর হামলা করা হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়েছে। ওই ঘটনায় মামলাও চলমান আছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে ভাঙা হকিস্টিক, চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, আমরা সন্দেহভাজন হিসেবে কিছু নাম পেয়েছি। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করছি না। আমরা সব কিছু খতিয়ে দেখছি।
