চা ছাড়া আমাদের একটিদিনও কাটানো সম্ভব না, সেই সকালে ঘুম ভাঙার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ৭-৮ কাপ চা খান অনেকে। অনেকে এর চেয়েও বেশি। তবে আমরা বেশিরভাগ সময় খেয়ে থাকি লাল চা, দুধ চা, মসলা চা কিংবা স্বাস্থ্য সচেতন যারা তারা গ্রিন টি। ৫-১০টাকায় এক কাপ চা খাওয়া যায় অনায়াশে। তবে যদি বলি এমন অনেক চা আছে যার এক কাপ চায়ের দামে কেনা যায় বাড়ি-গাড়ি। তাহলে বিশ্বাস হবে?
বিশ্বের চায়ের ইতিহাস হাজার বছরের পুরোনো। চীন থেকে শুরু হয়ে ভারত, শ্রীলঙ্কা, জাপান হয়ে আজ এটি বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর একটি। কিন্তু সব চা-ই যে সাধারণ দামের নয় তা অনেকেই জানেন না। কিছু বিরল, বিলাসবহুল এবং ঐতিহাসিক চা আছে, যেগুলোর দাম সোনার চেয়েও বেশি।
কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত দামি এসব চা? বিশেষজ্ঞদের মতে, এই চাগুলোর উচ্চ দামের পেছনে কয়েকটি কারণ রয়েছে। যেমন- উৎপাদনের বিরলতা, ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব, বিশেষ প্রক্রিয়াজাতকরণ, সীমিত সরবরাহ, ব্র্যান্ড ভ্যালু ও বিলাসবহুল মার্কেটিং-সব মিলিয়ে চায়ের দাম বেড়ে যায়।
চা সাধারণ মানুষের দৈনন্দিন পানীয় হলেও কিছু ক্ষেত্রে এটি বিলাসিতার প্রতীক হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে দামি চাগুলো শুধু পানীয় নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও বিলাসিতার এক অনন্য মিশ্রণ। এক কাপ চা যেমন সাধারণ মানুষের আরামের প্রতীক, তেমনি কিছু চা বিশ্বের অভিজাতদের জন্য স্ট্যাটাস সিম্বল। চাপ্রেমীদের জন্য এই বিরল পানীয়গুলো হয়তো স্বপ্নের মতো, কিন্তু এগুলো আমাদের মনে করিয়ে দেয় চায়ের জগৎ কতটা বৈচিত্র্যময় ও বিস্ময়কর হতে পারে।
আজ আন্তর্জাতিক চা দিবসে চাপ্রেমীদের জন্য থাকছে বিশ্বের সবচেয়ে দামি ৫টি চা-এর খোঁজ-
১. ডা হং পাও
চীনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতমালায় উৎপাদিত ডা হং পাও চা পৃথিবীর সবচেয়ে দামি চাগুলোর মধ্যে শীর্ষে। এটি মূলত একটি রক টি বা পাথুরে মাটিতে জন্মানো চা। ঐতিহাসিক এক কিংবদন্তি আছে, মিং রাজবংশের এক সম্রাটের অসুস্থ মা এই চা পান করে সুস্থ হয়ে উঠেছিলেন। কৃতজ্ঞতায় সম্রাট সেই চা গাছগুলোকে লাল কাপড় দিয়ে ঢেকে দেন সেখান থেকেই নাম ডা হং পাও বা বিগ রেড রব। এ চায়ের দাম প্রতি কেজিতে কয়েক লাখ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। বিরলতা ও ইতিহাসই এর প্রধান মূল্য নির্ধারণ করে।
২. পিজি টিপস ডায়মন্ড টি ব্যাগ
চা যে বিলাসিতার প্রতীক তার প্রমাণ এই পিজি টিপস ডায়মন্ড টি ব্যাগ। ব্রিটিশ ব্র্যান্ড পিজি টিপস তাদের ৭৫তম বার্ষিকীতে তৈরি করে একটি হীরকখচিত টি-ব্যাগ, যার নাম দেওয়া হয় ডায়মন্ড টি ব্যাগ। এই টি-ব্যাগে ছিল আসল ডায়মন্ড এবং প্রিমিয়াম চা পাতা। এর দাম ছিল প্রায় ১৫ হাজার ডলার। যদিও এটি বাণিজ্যিকভাবে বিক্রির জন্য নয়, এটি ব্র্যান্ডের বিলাসবহুল মার্কেটিং স্টান্ট হিসেবে তৈরি করা হয়েছিল। চায়ের চেয়ে এখানে বেশি গুরুত্ব পেয়েছে বিলাসিতা ও প্রদর্শন।
