কিশোরগঞ্জের কটিয়াদীতে “কে বি এন্টারপ্রাইজ” নামে একটি সীসা ফ্যাক্টরি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফ্যাক্টরিটি থেকে নির্গত দূষিত বর্জ্য ও ধোঁয়ার কারণে এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে শিশু ও বয়স্কদের বিভিন্ন শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে বলে দাবি করেন তারা। দ্রুত সময়ের মধ্যে কারখানাটি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
মানববন্ধনের প্রধান সমন্বয়কারী আবুল বাসার চঞ্চল বলেন, “জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এই সীসা ফ্যাক্টরি বন্ধ করা এখন সময়ের দাবি এবং পরবর্তী কর্মসূচি ঘোষনা করেন ও দাবিগুলো তুলে ধরেন এলাকাবাসী দীর্ঘদিন ধরে দূষণের শিকার হচ্ছেন।”
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা পরিবেশ দূষণের নানা দিক তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
