নাসিম রুমি: নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মাঠের লড়াই ও নেতৃত্বগুণে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি।
তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অনেকটাই লোকচক্ষুর আড়ালে রয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। সম্প্রতি তার বাবা গোলাম মুর্তজা ছেলের মানসিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে আবেগঘন কিছু তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, “ভালো নেই মাশরাফিরা। প্রায় দুই বছর ধরে এক ধরনের বন্দিজীবন কাটাচ্ছে তারা।”
গোলাম মুর্তজার ভাষ্য, আগের সেই প্রাণবন্ত ও হাসিখুশি মাশরাফিকে এখন আর দেখা যায় না। তিনি বলেন, “কথা হয়, তবে খুব কম। সে অনেক আঘাত পেয়েছে।”
সবচেয়ে কষ্টের একটি কথাও তুলে ধরেন তিনি। জানান, মাশরাফি তাকে বলেছেন,“আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না।”
পরিবারের আর্থিক অবস্থা নিয়েও কথা বলেন গোলাম মুর্তজা। তিনি দাবি করেন, বর্তমানে তাদের অবস্থা খুবই করুণ।
তার ভাষায়, “আমাদের নগদ টাকা-পয়সা কখনোই তেমন ছিল না। আমরা ধান্দাবাজি করে চলিনি। জমি-জমা ও খামার নিয়েই জীবন চলে। কেউ বলতে পারবে না, আমি বা আমার পরিবারের কেউ কোনো অনিয়মের সঙ্গে জড়িত।”
