ফরিদপুরের সালথা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেখ সাদিক (৪৫) ও উপপরিদর্শক (এসআই) তন্ময় চক্রবর্তীর (৩৫) বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমমি আদালতে মামলাটি দায়ের করেন মো. হাফিজুর রহমান মুন্নু (৬৫) নামের এক ব্যক্তি। মামলার বাদি গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা বলে জানা গেছে।
আদালতের ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদি হাফিজুর রহমান বলেন, ‘আমাকে মিথ্যা মামলায় আদালতে চালান দেওয়ার পরে এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে ক্রসফায়ারের হুমকিও দেওয়া হয়।
তবে চাঁদাবাজির বিষয়টি ভিত্তিহীন, মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করে সালথা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ‘আমি কখনোই কারো কাছে থেকে চাঁদাবাজি ও ঘুষ দাবি করিনি। আমি সালথায় শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করে গেছি। আমাকে অযথা হয়রানি করার জন্য এ মামলাটি দায়ের করা হয়েছে। আমি আদালতের কাছে ন্যায় বিচার দাবি করছি।’
মামলার অপর আসামি উপপরিদর্শক তন্ময় চক্রবর্তীও দায়েরকৃত এ মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করেছেন। আদালত থেকে ন্যায় বিচার পাবেন বলে তিনিও আশা ব্যক্ত করেছেন।
