মোঃ আলাল উদ্দিন: রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভৈরব প্রথম আলো বন্ধুসভা। শুক্রবার (২২ মে) বিকেলে ভৈরব পৌর শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভৈরব প্রথম আলো বন্ধুসভার সভাপতি জান্নাতুল মিশুর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক সুমন মোল্লা, ভৈরব প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ, নাট্য ব্যক্তিত্ব মতিউর রহমান সাগর, সাংবাদিক খায়রুল ইসলাম সবুজ, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি ভৈরব শাখার পরিচালক সালাউদ্দিন হিমেল, রক্ত সৈনিক নজরুল ইসলাম এবং নিসচা ভৈরব শাখার দপ্তর সম্পাদক রাকিব হোসাইনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “শিশু রামিসার ওপর সংঘটিত বর্বর নির্যাতন ও হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো মানবজাতির জন্য লজ্জা ও কলঙ্কের বিষয়। শিশুদের নিরাপত্তা নিয়ে সমাজে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এ ধরনের অনিরাপদ পরিবেশ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তারা আরও অভিযোগ করেন, ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা থাকায় অনেক সময় অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়। এজন্য শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত বিচার সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “আমরা দীর্ঘ বিচারপ্রক্রিয়ার অপেক্ষায় থাকতে চাই না। শিশু রামিসার হত্যাকারীর দ্রুত বিচার ও কার্যকর শাস্তি নিশ্চিত করতে হবে।”
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
