ফরিদপুরের আলফাডাঙ্গা কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানাঅনাদায়ে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
রোববার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশি পাহারায় ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সোহেল শেখ আলফাডাঙ্গা উপজেলার চর নারান্দিয়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে কলেজে যাওয়া আসার পথে সোহেল শেখ উত্ত্যক্ত করত। মেয়েটি সোহেল শেখের কথায় সাড়া না দিলে।
গত ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সোহেল শেখ মাইক্রোবাসে করে মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যায়। মেয়েটির পরিবার সোহেলের পরিবারের কাছে মেয়ের বিষয়ে খোঁজখবর নিতে গেলে তারা এ বিষয়ে কোনো কিছু জানে না বলে জানিয়ে দেন। পরিবার বিভিন্ন স্থানে খোঁজখবর করে মেয়েটিকে না পেয়ে, ২৪ সেপ্টেম্বর বোয়ালমারী থানায় মামলার জন্য গেলে থানা থেকে তাকে আদালতে মামলার পরামর্শ দেয়। পরবর্তীতে মেয়েটির বাবা সোহেল শেখকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। সুস্থ সমাজে এটি কাম্য নয়। আজকের এই রায়ে আমরা সন্তুষ্ট।’
