বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) বড় একটি সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে বিশ্বকাপসহ সংস্থাটির আয়োজিত যেকোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে আফগানিস্তানের নারী ফুটবল দল। এতদিন ‘আফগান নারী ঐক্য’ নামে বিভিন্নভাবে খেললেও এখন তারা নিজ দেশের নামেই মাঠে নামার সুযোগ পাচ্ছে।
২০১৮ সালের পর আর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি আফগানিস্তানের নারী দল। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে নারী ফুটবল কার্যত বন্ধ হয়ে যায় এবং খেলোয়াড়দের অনেকেই দেশ ছাড়তে বাধ্য হন। বর্তমানে তাদের বেশিরভাগই অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং সেখানকার বিভিন্ন ক্লাবে খেলছেন।
অস্ট্রেলিয়াপ্রবাসী আফগান নারী ফুটবলার নাজিয়া আলি বলেন, গত কয়েক বছরে তারা নানা পরিচয়ে খেলেছেন কখনও উদ্বাস্তু দলের সদস্য হিসেবে, কখনও ভিন্ন নামে। তবে নিজেদের পরিচয় সবসময়ই আফগানিস্তানের প্রতিনিধি হিসেবেই দেখেছেন। আবার দেশের পতাকা গায়ে জড়িয়ে মাঠে নামার সুযোগ পাওয়াকে তিনি বড় আনন্দের বলে উল্লেখ করেন।
গত মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরে ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে অংশ নেওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে।
ফিফা সভাপতি এক বিবৃতিতে বলেন, আফগান নারী ফুটবলারদের দীর্ঘ সংগ্রাম ও যাত্রাকে আরও এগিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে তারা নিজ দেশের পরিচয়ে ফিফার সব প্রতিযোগিতায় অংশ নিতে পারবে, যা তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
