২০২১ সালে তিন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে নিয়ে ‘জী লে জারা’ সিনেমার ঘোষণা করেছিলেন পরিচালক-প্রযোজক ফারহান আখতার। নারীকেন্দ্রিক রোড ট্রিপ ঘরানার সিনেমাটি ঘোষণার পর দর্শকের মাঝে তুমুল আগ্রহ সৃষ্টি করেছিল। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও সিনেমাটির ভবিষ্যৎ এখনো ধোঁয়াশায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারহান জানান, তিনি কোনো কিছু গোপন রাখতে পছন্দ করেন না। ‘জী লে জারা’ নিয়ে নানা গুজব ছড়ালেও বাস্তবতা নিয়ে অতিরঞ্জিত ধারণা তৈরি করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিন নায়িকা থাকছেন কি না—এই প্রশ্নে সরাসরি কিছু না বললেও গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন নির্মাতা। ফারহানের ভাষায়, ‘আমি যখনই কোনো বিষয়ে প্রস্তুত থাকি, তখনই সেটা সবার সঙ্গে শেয়ার করি। এই ছবির ক্ষেত্রেও তাই হবে।’
মূলত তিন তারকার ব্যস্ত শিডিউলই ছবির বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বারবার শুটিং পিছিয়ে যাওয়ায় অনেকেই মনে করেছিলেন, ছবিটি হয়তো বাতিল হয়ে গেছে বা কাস্টিং বদলাতে পারে। তবে সেই ধারণা উড়িয়ে দিয়ে ফারহান স্পষ্ট করে বলেন, ‘প্রকল্পটি বন্ধ হয়নি, বরং আপাতত স্থগিত রয়েছে।
ফারহান আরও জানান, ছবির চিত্রনাট্য ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গেছে, শুটিং লোকেশন ঠিক করা হয়েছে, এমনকি কিছু গানও রেকর্ড করা হয়েছে। এখন শুধু সময় ও তারকাদের একত্রিত হওয়াই বড় চ্যালেঞ্জ।
সব মিলিয়ে বলা যায়, ‘জী লে জারা’ পুরোপুরি বন্ধ হয়নি, তবে কবে শুটিং শুরু হবে—সেই প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষা।
