১৫ বছর পর অ্যাপলের সিইও পদ ছাড়ছেন টিম কুক

- Advertisements -

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক প্রায় দেড় দশক নেতৃত্ব দেওয়ার পর নিজের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তিনি সিইও হিসেবে দায়িত্ব শেষ করে কোম্পানির নির্বাহী বোর্ডের চেয়ারম্যান হিসেবে নতুন ভূমিকা গ্রহণ করবেন।

এক আনুষ্ঠানিক ঘোষণায় অ্যাপল জানায়, কুকের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিচ্ছেন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস। দীর্ঘদিন ধরে কোম্পানির গুরুত্বপূর্ণ পণ্য উন্নয়ন কার্যক্রমে যুক্ত থাকা টার্নাসকে অ্যাপলের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে।

বিবৃতিতে কুক বলেন, অ্যাপলের সিইও হিসেবে কাজ করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। এমন একটি অসাধারণ প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া সত্যিই গর্বের।

১৯৯৮ সালে অ্যাপলে যোগ দেওয়া কুক ২০১১ সালে প্রতিষ্ঠাতা স্টিভ জবসের পর কোম্পানির হাল ধরেন। তার নেতৃত্বে অ্যাপল শুধু আইফোননির্ভর কোম্পানি থেকে বেরিয়ে এসে অ্যাপল ওয়াচ, এয়ারপডসসহ বিভিন্ন নতুন পণ্য বাজারে আনে এবং পরিষেবা খাতেও ব্যাপক সম্প্রসারণ ঘটায়।

বিশ্লেষকদের মতে, কুকের সময়ে অ্যাপলের বাজারমূল্য নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়ে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা তাকে প্রযুক্তি খাতের অন্যতম সফল নির্বাহীদের কাতারে নিয়ে গেছে। বিশেষ করে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা ব্যবস্থাপনায় তার দক্ষতা কোম্পানির উৎপাদন ও বিক্রয় ব্যবস্থাকে শক্তিশালী করেছে।

অন্যদিকে, নতুন সিইও হিসেবে জন টার্নাসের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দেওয়া, নতুন উদ্ভাবনী পণ্য আনা এবং ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করা—সবকিছুই তার নেতৃত্বে নির্ভর করবে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অ্যাপলের পরবর্তী অধ্যায় নির্ধারণে টার্নাসের সিদ্ধান্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wzmf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন