চব্বিশের স্বৈরাচারবিরোধী জুলাই আন্দোলনে হত্যাসহ ১৩ মামলার মধ্যে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে ১১ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে ফারজানা রুপা ৬ ও শাকিল আহমেদকে ৫ মামলায় জামিন দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
তবে তাদের দুইজনকে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত। ফলে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
