অনেকে অভিনয়শিল্পীরই ইচ্ছা থাকে রাফির সিনেমায় কাজ করার। গল্প বাছাই থেকে শুরু করে নির্মাণের ধরন, এই নির্মাতা সবসময়ই তার কাজে আলাদা বিশেষত্বের ছাপ রাখেন।
তার সিনেমা বরাবরই কেন দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়, তা নিয়ে এবার মুখ খুলেছেন ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তাণ্ডব’খ্যাত এই নির্মাতা। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের সিনেমার সাফল্যের পেছনের রহস্য প্রসঙ্গে রাফী বলেন, ‘আমার সিনেমা হিট হওয়ার পেছনের গল্প, আমার গল্পে মানুষ তাদের জীবনকে খুঁজে পান। সেই চরিত্রের মধ্যেই তারা নিজেদের খোঁজেন।’
কোনো অপরাধ দেখলেই রায়হান রাফী সেটা নিয়ে সিনেমা বানাতে চান বলে কথা প্রচলিত আছে। অনেকে মনে করেন বক্স অফিসে সাফল্য পাওয়ার এটি অন্যতম একটি কারণ। তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করেন এই ঢালিউড পরিচালক।
তিনি বলেন, ‘আমার সিনেমা জীবন থেকে গল্প নিয়ে বানানো হয়। আমার সিনেমায় দর্শকেরা চরিত্রের সঙ্গে নিজেদের রিলেট করতে পারে। আমার চরিত্র অনন্যা (বিদ্যা সিনহা মিম) বা রোমান (শরীফুল রাজ) চরিত্রের মধ্য দিয়ে অনেকেই অনেকের প্রাক্তন বা কাছের মানুষের সঙ্গে মিল পান। এখানে ছেলেটা পড়াশোনা করে না, কিন্তু সে প্রেম করতে চায়। এই গল্প আমাদের চারপাশের।’
এই নির্মাতার ভাষ্য, ‘আমাদের চারপাশে অনেক মেয়েই আছে, যাদের মধ্য দিয়ে অন্যন্যাকে দেখানো হয়েছে। মেয়েটা কলেজে একটি ছেলের সঙ্গে প্রেম করছে, কিন্তু বিয়ে করতে চায় অন্যকে। এই যে কারও জীবনের গল্প, এটা আমি জানতে চাই। আমি সব সময় মানুষের জীবনের গল্প শুনতে চাই। সিনেমার মাধ্যমেই জীবনকে তুলে ধরতে চাই। যে কারণে আমার সিনেমাগুলো দর্শক গ্রহণ করে। সিনেমা হিট হয়।’
আসন্ন ঈদুল ফিতরে রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমাটি মুক্তি পাবে। এ নিয়েই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি।