টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে আগামীকাল মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাইভোল্টেজ লড়াইয়ের আগে কথার লড়াইও কম নয়। তবে সাবেক ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট করে দিয়েছেন, এই ম্যাচে কোনো ফেভারিট নেই।
সালমান আলি আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দলকে হালকাভাবে নিতে নারাজ রোহিত। সূর্যকুমার যাদবদের সতর্ক করে তিনি বলেছেন, ভারতকে এগিয়ে রাখার মানসিকতা ভুল। তার কাছে ভারত-পাকিস্তান ম্যাচে পরিসংখ্যানের কোনো মূল্য নেই। অতীত সাফল্যও এখানে গ্যারান্টি নয়।
দুবাইয়ে এক অনুষ্ঠানে রোহিত খোলামেলা ভাষায় বলেন, ‘প্রথমত বলি, ফেভারিট এই শব্দটায় আমার বিশ্বাস নেই। ফেভারিট বলে কিছু হয় না। এই ম্যাচটার আকর্ষণই আলাদা। দারুণ মজার। গত ১০ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাক ম্যাচে অনেক কিছু ঘটেছে। সব দলই এখন প্রচুর টি-টোয়েন্টি ক্রিকেট খেলে। মাঠে নামবো আর জিতে ২ পয়েন্ট পাবো, এ রকম ভেবে খেলা যায় না। ২ পয়েন্ট পেতে হলে নির্দিষ্ট দিনে আপনাকে ভালো ক্রিকেট খেলতেই হবে। না হলে খালি হাতেও ফিরতে হতে পারে।’
রোহিতের বক্তব্য পরিষ্কার। যে দিন যে দল ভালো খেলবে, জয় তারই। কেউ এগিয়ে থেকে মাঠে নামে না। অতীতে কী হয়েছে, তা এই ম্যাচে প্রাসঙ্গিক নয়। তিনি আরও বলেন, ‘আপনি অতীতে কী করেছেন সেটা আদৌ গুরুত্বপূর্ণ নয়। দল এখন কেমন খেলছে, ক্রিকেটারেরা ফর্মে আছে না নেই, এ সবের ওপর নির্ভর করে ফলাফল। এখন যে কোনো দল যে কোনো দলকে হারাতে পারে। তাই ভালো খেলতেই হবে। এটাই আসল। নির্দিষ্ট দিনের পারফরম্যান্সের ওপর সব কিছু নির্ভর করে।’ উল্লেখযোগ্য বিষয় হলো, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের নেতৃত্বেই শিরোপা জিতেছিল ভারত।
