গাজা যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়া এবং ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে খোদ ইসরায়েলের ভেতরেই তীব্র গণবিক্ষোভ শুরু হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং জিম্মিদের মুক্তির দাবিতে রাজধানী তেল আবিবসহ দেশটির প্রধান প্রধান শহরগুলোতে রাজপথে নেমে এসেছেন হাজার হাজার মানুষ।
বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহু সরকার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে যুদ্ধ টেনে নিচ্ছেন এবং বন্দিদের জীবন ঝুঁকির মুখে ফেলছেন। বিশেষ করে ইরানের সাথে নতুন করে যুদ্ধাবস্থা তৈরির প্রচেষ্টাকে তারা ‘বিপজ্জনক’ হিসেবে অভিহিত করেছেন।
রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা, ইরান ও লেবাননকে ঘিরে চলমান সংঘাত এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে ছাড় দেওয়ার বিতর্কের মধ্যেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের শেষ দিকে সম্ভাব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে এসব ইস্যুতে দেশটির জনমত আরও বিভক্ত হয়ে পড়ছে।
বিক্ষোভে অংশ নেওয়া ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত নাগরিক ডেভিড আলকান বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, আমি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে এসেছি। এই সরকার প্রতিনিয়ত জনগণকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করছে।
তার মতে, ইরানের চেয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজনই বেশি উদ্বেগজনক। একই সঙ্গে সামরিক দায়িত্ব পালনে অনাগ্রহী কট্টর অর্থোডক্স গোষ্ঠীগুলোরও সমালোচনা করেন তিনি।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। সেগুলোর মধ্যে ছিল— ‘গণহত্যা বন্ধ করো’, ‘৭ অক্টোবর ভুলে যাও’ এবং ‘বিবি এসকোবার’। শেষের স্লোগানটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ এবং কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবার–এর নাম মিলিয়ে ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করা হয়।
