নাসিম রুমি: অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দীর্ঘদিন ধরেই অভিনয়ের পাশাপাশি গল্প ভাবনায়ও নিজের সৃজনশীলতার পরিচয় দিয়ে আসছেন। তাঁর গল্পে নির্মিত হয়েছে একাধিক জনপ্রিয় নাটক। ২০০৭ সালে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘স্বপ্নের নীল পরী’ ছিল অপূর্বর গল্পে নির্মিত প্রথম নাটক। এরপর তাঁর গল্পে তৈরি হয়েছে ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’, ‘ফিরে আসা’সহ আরও বেশ কিছু নাটক।
এবার অপূর্বর লেখা গল্প ও চিত্রনাট্যে নির্মিত হলো নতুন নাটক ‘অচেনা আমি’। নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন নাজনীন নাহার নিহা। আগামী কোরবানি ঈদের দ্বিতীয় দিন নাটকটি প্রচার হবে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে।
নাটকের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে সামাজিক মাধ্যমে অপূর্ব লিখেছেন, “সব চেহারাই কি চেনা? নাকি সব চেনা মানুষের আড়ালেও লুকিয়ে থাকে এক অচেনা আমি? ভালোবাসা আর আত্মপরিচয়ের এক অদ্ভুত সমীকরণ নিয়ে আসছি আমরা।”
নির্মাতা অংশু জানান, রোমান্টিক ঘরানার গল্পে নির্মিত হলেও ‘অচেনা আমি’ শুধু প্রেমের গল্পে সীমাবদ্ধ নয়। এতে উঠে এসেছে মানুষের জীবনের উপলব্ধি, প্রিয়জনকে হারিয়ে আবার খুঁজে পাওয়ার আবেগময় যাত্রা।
অংশুর ভাষায়, “অভিনয়ের পাশাপাশি গল্প বলার ক্ষেত্রেও অপূর্ব অসাধারণ। গল্পের আবহের সঙ্গে মিল রেখে সে খুব সুন্দরভাবে সিকোয়েন্স সাজিয়েছে। তার গল্পে যেমন একটা বার্তা থাকে, তেমনি থাকে সিনেমাটিক অনুভূতি। ‘অচেনা আমি’তেও দর্শক তেমনই এক অভিজ্ঞতা পাবে।”
তিনি আরও জানান, এটি অপূর্বর লেখা দ্বিতীয় চিত্রনাট্য। প্রায় এক যুগ আগে অপূর্ব একটি টেলিফিল্ম পরিচালনা করেছিলেন, যার চিত্রনাট্যও লিখেছিলেন তিনি নিজেই। সেই কাজের পোস্ট-প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলেন অংশু। দীর্ঘ বিরতির পর আবারও চিত্রনাট্য লেখায় ফিরেছেন অপূর্ব, আর সেই কাজটি পরিচালনা করতে পেরে দারুণ উচ্ছ্বসিত নির্মাতা।
