২২ বছর আগের ফিচারে সংশোধন আনছে গুগল

- Advertisements -

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর জনপ্রিয় ই-মেইল পরিষেবা জি-মেইলের একটি গুরুত্বপূর্ণ ফিচারে বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। এতদিন ব্যবহারকারীরা একবার ই-মেইল আইডি তৈরি করলে সেটি আর পরিবর্তন করার সুযোগ পেতেন না। তবে নতুন পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে ব্যবহারকারীরা চাইলে তাদের মূল জি-মেইল ঠিকানা বদলে নতুন একটি ইউজারনেম ব্যবহার করতে পারবেন, তাও আবার আগের ডাটা অক্ষুণ্ণ রেখেই।

জি-মেইল ঠিকানা পরিবর্তনে কী সুবিধা?

এই নতুন সুবিধার কথা সম্প্রতি একটি পোস্টে জানিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। তিনি জানান, অনেক ব্যবহারকারী বহু বছর আগে তৈরি করা ই-মেইল ঠিকানা নিয়ে এখন অস্বস্তিতে থাকেন। তাই তাদের কথা বিবেচনা করেই এমন একটি ফিচার আনার পরিকল্পনা করা হয়েছে, যাতে পুরনো ইউজারনেম পরিবর্তন করে নতুন একটি ঠিকানা নেওয়া সম্ভব হবে।

এই ফিচারের বড় সুবিধা হলো, ই-মেইল ঠিকানা পরিবর্তন করলেও ব্যবহারকারীর পুরোনো তথ্য হারিয়ে যাবে না। নতুন ঠিকানায় স্থানান্তরিত হলেও আগের সব ই-মেইল, ড্রাইভে সংরক্ষিত ফাইল, ছবি এবং অন্যান্য গুগল পরিষেবার ডাটা আগের মতোই থাকবে। ফলে নতুন আইডি ব্যবহার শুরু করতে গেলেও নতুন করে সবকিছু সেটআপ করার ঝামেলা থাকবে না।

নতুন ইউজারনেম নেওয়ার প্রক্রিয়া

নতুন ইউজারনেম নেওয়ার প্রক্রিয়াটিও সহজ রাখা হচ্ছে। ব্যবহারকারীদের গুগল অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে পছন্দমতো একটি নতুন নাম নির্বাচন করতে হবে। পুরোনো ই-মেইল ঠিকানাটি পুরোপুরি মুছে যাবে না; বরং সেটি বিকল্প ঠিকানা হিসেবে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। অর্থাৎ পুরনো ঠিকানায় পাঠানো মেইলও দেখা যাবে এবং প্রয়োজনে সেটি দিয়েও সাইন ইন করা সম্ভব হবে।

তবে এই পরিবর্তন একসঙ্গে সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে না। গুগল জানিয়েছে, ধাপে ধাপে এই সুবিধা চালু করা হবে। পাশাপাশি এই পরিবর্তনের সময় কিছু পরিষেবায় সাময়িক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ‘সাইন ইন উইথ গুগল’ বা ব্রাউজারের সিঙ্ক ব্যবস্থায় সামান্য বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

এ কারণে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ ডাটা আগেভাগে ব্যাকআপ করে রাখার পরামর্শ দিয়েছে গুগল। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচার চালু হলে বহু পুরোনো ই-মেইল আইডি ব্যবহার করতে বাধ্য হওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন ব্যবহারকারীরা এবং নিজেদের পরিচয়ের সঙ্গে মানানসই নতুন ঠিকানা ব্যবহার করতে পারবেন সহজেই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3u44
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন