বাংলাদেশে প্রথমবারের মতো আনা হলো স্পিন বোলিং মেশিন ‘মার্লিন বাইবোলা’। সোমবার (৬ এপ্রিল) মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে এই মেশিনটি প্রথমবারের মতো দেখা যায়। সাধারণত দেশে এর আগে যেসব বোলিং মেশিন ব্যবহৃত হতো, সেগুলো মূলত দ্রুতগতির বল কিংবা বাউন্সার অনুশীলনের জন্য ব্যবহার করা হতো।
এবার প্রথম দেখা গেল স্পিন বোলিং মেশিন। স্পিন বোলিং মেশিনের ব্যবহার মূলত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে বেশি দেখা যায়। এসব দেশে স্পিনার কম থাকায় তারা এই মেশিনের মাধ্যমে স্পিন বোলিং অনুশীলন করে থাকে।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, মেশিনটি প্রায় ১০ হাজার পাউন্ড বা বাংলাদেশি টাকায় ১৬ লাখ টাকা ব্যয়ে কেনা হয়েছে।
নাফীস বলেন, ‘মেশিনটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল। কিছুদিন আগেই অর্ডার করা হয়। মেশিনটা অনেক ভারী হওয়ায় ফ্লাইটের মাধ্যমে না এনে জাহাজের মাধ্যমে আনা হয়েছে।’
মেশিনটির বিশেষ সুবিধাগুলো সম্পর্কে তিনি বলেন, এর মাধ্যমে অফস্পিন, লেগস্পিন এবং আর্মার এই তিন ধরনের বোলিংই অনুশীলন করা যায়। এছাড়া বলের লেন্থ পরিবর্তন এবং গতি কমানো-বাড়ানো যায়। মেশিনটি ম্যানুয়াল এবং অটোমেটিক উভয় মোডেই চালানো যায়। অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টা বল খেলা যায়।’
