নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সোনিয়া, ক্যারিয়ারের পিক সময়ে শোবিজ ছেড়ে পাড়ি জমান বিদেশে। সালমান শাহ থেকে শুরু করে সে সময়ের জনপ্রিয় নায়কদের বিপরীতে কাজ করার সুযোগ পেলেও একক নায়িকা হিসেবে সমসাময়িক অনেকের চেয়ে পিছিয়ে ছিলেন তিনি।
যদিও এর জন্য তিনি দাবি করেন পলিটিকসের শিকার হয়েছিলেন। তাকে বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হতো অথবা সিনেমায় তার সংলাপ বা গান বাদ দিয়ে দেয়া হতো বলে জানিয়েছেন।
দশম শ্রেণিতে পড়াকালীন সিনেমার প্রস্তাব পান সোনিয়া। তার অভিনীত প্রথম সিনেমা ‘মাস্তান রাজা’। এ সিনেমার শুটিংয়ের পর এসএসসি পরীক্ষার জন্য কাজ না করার সিদ্ধান্ত নেন তিনি। পরীক্ষা শেষে ‘প্রেম শক্তি’ সিনেমার জন্য ডাক পান তিনি। ৩০ জনের মধ্যে অডিশনে সোনিয়া নির্বাচিত হয়েছিলেন সিনেমাটির জন্য।
সোনিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘বউ-শাশুড়ির যুদ্ধ’ সিনেমায়। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘স্বপ্নের ঠিকানা, ‘বাংলার নায়ক, ‘শত জনমের প্রেম’, ‘প্রেম প্রতিশোধ’ ‘পরান কোকিলা’, ‘মিথ্যার মৃত্যু’, ‘অজান্তে’, ‘ভয়ংকর সাত দিন’ ইত্যাদি।
