ব্রাজিলে শাকিরার কনসার্টের মঞ্চ তৈরির সময় দুর্ঘটনা, প্রাণ গেল নির্মাণশ্রমিকের

- Advertisements -

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পপতারকা শাকিরার আসন্ন কনসার্টের মঞ্চ তৈরির সময় এক ভয়াবহ দুর্ঘটনায় এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। কোপাকাবানা সৈকতে আয়োজিত ‘তোদো মুন্দো নো রিও’ নামক এই বিশাল কনসার্টের অবকাঠামো তৈরির কাজ চলাকালীন গত রবিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে।

আয়োজক সংস্থা এবং স্থানীয় দমকল বাহিনী এই মর্মান্তিক খবরের সত্যতা নিশ্চিত করেছে।

আয়োজক সংস্থা ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, মঞ্চের কাঠামো বসানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে ওই কর্মী গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত প্রাথমিক চিকিৎসা দল তাকে সহায়তা করার চেষ্টা করে এবং দ্রুত দমকল বাহিনীর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisements

প্রত্যক্ষদর্শী ৫১ বছর বয়সী আন্তোনিও মার্কোস ফেরেইরা দস সান্তোস জানিয়েছেন, হঠাৎ করেই সমুদ্রসৈকতে হুড়োহুড়ি শুরু হয় এবং তারা দেখেন যে একটি বিশালাকার কাঠামো ধসে পড়েছে। নিচে এক ব্যক্তি চাপা পড়লে উপস্থিত অন্যরা তাকে টেনে বের করার চেষ্টা করেন।

রাজ্য দমকল বাহিনী জানিয়েছে, লিফটিং সিস্টেম বা ভারী বস্তু তোলার যন্ত্রের নিচে চাপা পড়ে ওই শ্রমিকের শরীরের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দমকল কর্মীরা পৌঁছানোর আগেই সহকর্মীরা তাকে যন্ত্রের নিচ থেকে উদ্ধার করেন। মিগুয়েল কৌতো মিউনিসিপ্যাল ​​হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

রিও ডি জেনেইরোর মেয়রের ঘোষণা অনুযায়ী, কোপাকাবানা সৈকতের এই বার্ষিক জনসমাবেশে এবার প্রধান আকর্ষণ হিসেবে শাকিরার নাম নিশ্চিত করা হয়েছিল। এর আগে এই স্থানে আয়োজিত বিভিন্ন কনসার্টে বিশ্বখ্যাত তারকাদের গান শুনতে লাখো পর্যটকের সমাগম ঘটে।

Advertisements

এই মর্মান্তিক ঘটনার পর আয়োজক কর্তৃপক্ষ নিহতের পরিবার এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

তবে এই দুর্ঘটনার ফলে নির্ধারিত কনসার্টের সূচিতে কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে, মঞ্চ তৈরির সরঞ্জামগুলোতে কোনো ত্রুটি ছিল কি না বা নিরাপত্তার ক্ষেত্রে কোনো গাফিলতি হয়েছে কি না। এই ঘটনায় গোটা রিও ডি জেনেইরোতে শোকের ছায়া নেমে এসেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r3sh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন