সুশান্ত সিংহ রাজপুত নেই আড়াই বছর হলো। সুশান্তের আকস্মিক প্রয়াণে অভিযোগের আঙুল উঠেছিল তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। দুঃসময়ের মধ্যে ঠেলে দিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন তিনি―এমনই দাবি করেছিল সুশান্তর পরিবার। একই মত অভিনেতার অনুরাগীদেরও। এরপর মাদক মামলায় হাজতবাস পর্যন্ত করতে হয় রিয়াকে। তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছেন রিয়া। শোনা যাচ্ছে, নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী। সীমা সাজদেহের ভাই বান্টি সাজদেহের প্রেমে পড়েছেন তিনি―এমনই তীব্র গুঞ্জন রয়েছে।
বলিউডে বেশ প্রভাব রয়েছে সোহেল খানের প্রাক্তন শ্যালক বান্টির। বিনোদন এবং ক্রীড়া ব্যবস্থাপনার কাজ করেন তিনি। এর আগে সোনাক্ষী সিনহার সঙ্গে নাম জড়িয়েছিল বান্টির। এখন সেই বান্টিতেই মজেছেন রিয়া। সুশান্তর মৃত্যুর পর সবার রাগ যখন গিয়ে পড়েছিল রিয়ার ওপর, বান্টিই নাকি সাহায্যের হাত বাড়িয়ে দেন অভিনেত্রীকে। সেই বন্ধুত্বই কি তবে অনেক দূর গড়াল? সেই উত্তরটা হয়তো সময়ই বলবে।
