আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নেইমার জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ব্রাজিলের সবশেষ দুই প্রীতি ম্যাচে না থাকায় তাকে ছাড়াই দল বিশ্বকাপে যাচ্ছে, এমন আলোচনা জোরালো হয়েছে।
তবে নিজের ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে মরিয়া এই ব্রাজিলিয়ান তারকা। সেই লক্ষ্যেই সম্প্রতি হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে কুকা (সান্তোস কোচ) জানান, আন্তর্জাতিক বিরতির সময় এই অস্ত্রোপচার করা হয় এবং কয়েকদিন বিশ্রামে ছিলেন নেইমার।
প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকদের পরামর্শেই মৌসুম শেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। পরে আরও উন্নত চিকিৎসার অংশ হিসেবে নেন প্লাটিলেট-রিচ প্লাজমা (পিআরপি) থেরাপি, যা ক্ষতিগ্রস্ত জয়েন্টের টিস্যু পুনর্গঠনে সহায়তা করে।
বর্তমানে বিশেষ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন নেইমার। তার লক্ষ্য একটাই, সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফেরা এবং ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে দলে জায়গা দেওয়ার জন্য রাজি করানো।
