পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে আমরা সাধারণত ভাজাপোড়া বা অতিরিক্ত মসলাদার খাবার খেয়ে থাকি। তবে দীর্ঘ সময় খালি পেটে থাকার পর এ ধরনের খাবার হজমে সমস্যা তৈরি করতে পারে। তাই ইফতারে চাইলেই খুব সহজেই বানাতে পারেন মিষ্টি আলুর প্যানকেক।
এটি যেমন খেতে মজাদার, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। এমনকি শুধু ইফতারের সময় বরং শিশুদের টিফিনেও এই প্যানকেক সহজেই পরিবেশন করা যায়।
এই প্যানকেক তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। মাত্র চার থেকে পাঁচটি উপকরণ ব্যবহার করেই অল্প সময়ের মধ্যে এটি তৈরি করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক মিষ্টি আলুর প্যানকেক তৈরির উপকরণ ও প্রস্তুত প্রণালি।
তৈরি করতে যা লাগবে
মিষ্টি আলু ২ থেকে ৩টি
ডিম ২টি
লবণ সামান্য
মধু পরিমাণমতো
এলাচ গুঁড়া সামান্য
ঘি অথবা তেল পরিমাণমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমে মিষ্টি আলুগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন এবং ভালোভাবে ধুয়ে নিন। এরপর পরিষ্কার পানিতে সেগুলো সেদ্ধ করে নিন। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে সেগুলো একটি পাত্রে নিয়ে ম্যাশ করে নিন।
এরপর ম্যাশ করা মিষ্টি আলুর সঙ্গে দুটি ডিম ভেঙে দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন। তারপর এতে সামান্য লবণ, এলাচ গুঁড়া এবং পরিমাণমতো মধু যোগ করে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ গোলা তৈরি করুন।
এরপর একটি ফ্রাইপ্যান চুলায় বসিয়ে তাতে সামান্য ঘি অথবা তেল ব্রাশ করে নিন। প্যান গরম হয়ে এলে একটি গোল চামচের সাহায্যে প্যানকেকের গোলা প্যানে ঢেলে গোল আকারে ছড়িয়ে দিন।
প্যানকেকটি দুই সাইড দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তবে ভাজার সময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে, যেন প্যানকেক পুড়ে না যায় এবং ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়।
দুই দিকে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে নিন। এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও স্বাস্থ্যকর মিষ্টি আলুর প্যানকেক। এরপর গরম গরম পরিবেশন করতে পারেন পরিবারের সবাইকে।
