গরমের দিনে তাপমাত্রা বেড়ে গেলে এর প্রভাব শুধু শরীরেই নয়, স্মার্টফোনেও পড়ে। অনেকেই লক্ষ্য করেন, গেম খেলা, ভিডিও দেখা বা দীর্ঘ সময় ফোন ব্যবহার করার পর ডিভাইস অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়। এই অতিরিক্ত তাপ শুধু পারফরম্যান্সই কমিয়ে দেয় না, ব্যাটারির স্থায়িত্বও ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে অতিরিক্ত গরমের কারণে ফোনে বড় ধরনের ক্ষতি বা দুর্ঘটনার খবরও শোনা যায়। তাই স্মার্টফোনকে ওভারহিটিং থেকে রক্ষা করা খুবই জরুরি।
জেনে নিন ফোন গরম হলে কী করবেন-
সরাসরি রোদ থেকে ফোন দূরে রাখুন
স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়ার অন্যতম প্রধান কারণ হলো সূর্যের তাপ। বাইরে কাজ করার সময় বা গাড়ির ভেতরে ড্যাশবোর্ডে ফোন রেখে দিলে ডিভাইস দ্রুত উত্তপ্ত হয়ে পড়ে। তাই চেষ্টা করুন ফোন সবসময় ছায়াযুক্ত ও ঠান্ডা জায়গায় রাখতে।
একটানা ব্যবহার কমান
দীর্ঘ সময় ধরে গেম খেলা, ভিডিও স্ট্রিমিং বা রেকর্ডিং করলে প্রসেসরের উপর চাপ পড়ে এবং ফোন গরম হয়ে যায়। কিছুক্ষণ পরপর বিরতি দিলে ডিভাইস স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসার সুযোগ পায়।
স্ক্রিন ব্রাইটনেস নিয়ন্ত্রণে রাখুন
অতিরিক্ত উজ্জ্বলতা শুধু ব্যাটারি খরচ বাড়ায় না, ফোনের তাপমাত্রাও বাড়িয়ে দেয়। প্রয়োজন অনুযায়ী স্ক্রিন লাইট কমিয়ে ব্যবহার করা ভালো। একই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপ চালু থাকলে সেগুলো বন্ধ রাখুন।
চার্জিংয়ের সময় সতর্ক থাকুন
ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করলে বিশেষ করে গেমিং বা ভিডিও দেখা হলে দ্রুত গরম হয়ে যায়। তাই চার্জ হওয়ার সময় ফোন ব্যবহার না করাই নিরাপদ।
মানসম্মত চার্জার ব্যবহার জরুরি
নিম্নমানের বা নকল চার্জার সঠিকভাবে ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে পারে না। এতে ফোন অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি থাকে এবং ব্যাটারির ক্ষতিও হতে পারে। সবসময় নির্ভরযোগ্য ও মূল কোম্পানির চার্জার ব্যবহার করাই ভালো।
মোটা কভার ব্যবহার এড়িয়ে চলুন
অনেক মোটা বা ভারী কভার ফোনের তাপ বের হতে বাধা দেয়। ফলে ফোন আরও দ্রুত গরম হয়ে যায়। প্রয়োজনে ফোন বেশি গরম হলে কভার খুলে কিছুক্ষণ রেখে দিলে তাপমাত্রা কমতে সাহায্য করে।
সফটওয়্যার আপডেট রাখুন
নিয়মিত সফটওয়্যার আপডেট ফোনের পারফরম্যান্স উন্নত করে এবং অনেক ক্ষেত্রে হিটিং সমস্যা কমাতেও সাহায্য করে। তাই ডিভাইস আপডেট রাখা গুরুত্বপূর্ণ।
ব্যাটারি সেভার মোড ব্যবহার করুন
প্রয়োজন না হলে ব্যাটারি সেভার চালু রাখলে প্রসেসরের উপর চাপ কমে যায়। এতে ফোন তুলনামূলকভাবে ঠান্ডা থাকে এবং ব্যাটারিও সাশ্রয় হয়।
