যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার

- Advertisements -

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি জাতীয় সংসদে তোলার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, নির্বাচনের আগে সই হওয়া এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী ধারা রয়েছে বলে তখন আপত্তি উঠেছিল। সরকার চাইলে ৬০ দিনের মধ্যে এটি বাতিলও করতে পারে।

বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে রুমিন ফারহানা এ দাবি তোলেন। সকালে শুরু হওয়া সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রুমিন ফারহানা বলেন, গতকাল মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের বাণিজ্যমন্ত্রীর একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত আমাদের আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেই বিষয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন।

Advertisements

তিনি বলেন, ওই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে আমদানি-রফতানির ঘাটতি, বাংলাদেশের কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি, দেশে ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণে নীতি সংস্কারের বিষয়গুলো তুলে ধরেন। দুই দেশের মধ্যে বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য আমরা রফতানি করি, আমেরিকা থেকে সে পরিমাণ পণ্য আমরা আমদানি করি না, যে কারণে একটা বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে বিরাট এবং এই বাণিজ্য ঘাটতি পূরণের লক্ষে বাণিজ্য চুক্তি হয়েছে।

চুক্তি সইয়ের সময় নিয়ে আপত্তি তুলে এই এমপি বলেন, আমরা জানি যে ১২ ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচনের ঠিক তিনদিন আগে ৯ ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। তখন দেশের ‘সুশীল সমাজ’ ও ‘থিংক ট্যাংক’ মহল থেকে বলা হয়েছিল, একটি অনির্বাচিত সরকার এ ধরনের চুক্তি সই করতে পারে না।

রুমিন ফারহানা বলেন, এই চুক্তিতে অনেকগুলো ধারা আছে যেটা বাংলাদেশের স্বার্থবিরোধী। সুতরাং নির্বাচনের পরে যখন একটি নির্বাচিত সরকার আসবে তখন যেন এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখলাম যে না অন্তর্বর্তী সরকার শোনেনি এবং ৯ ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এ সময় তিনি আরও কিছু বলতে চাইলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মাননীয় সদস্য শুনুন এটি কোনো পয়েন্ট অব অর্ডার হলো না। ৩০১ বিধিতে আপনি পড়লে দেখতে পাবেন যে পয়েন্ট অব অর্ডার সংসদের চলমান বিষয়ের উপরে হতে হয় কিংবা সংসদের কাজে শৃঙ্খলা রক্ষার জন্য হতে হয়। আপনি একটি নতুন প্রশ্ন উত্থাপন করেছেন। আপনি নোটিশ দেন, এটি বিবেচনা করে দেখা হবে।

Advertisements

স্পিকারের বক্তব্যের পরও রুমিন ফারহানা আরও এক মিনিট সময় চান। তখন তিনি বলেন, এটি ৬০ দিনের মধ্যে যদি সরকার চায় তারা এটিকে বাতিল করতে পারে। চুক্তিটি সংসদে আনা হোক।

তবে স্পিকার সেটি গ্রহণ করেননি। তিনি বলেন, অর্ডার হিসেবে গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zdm5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন