জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সব সময়ই নিত্যনতুন ভাবনা নিয়ে হাজির হয় দর্শকদের মাঝে। বিশেষ করে ঈদ ইত্যাদির বর্ণাঢ্য আয়োজনের সাথে একাত্ম হয়ে ওঠে মানুষের মন। লক্ষ কোটি মানুষ যেমন অপেক্ষা করে ঈদের জন্য, তেমনি অপেক্ষা করে ইত্যাদির জন্যও।
যে কারণে অনেক দর্শকই বলেন, ‘ইত্যাদি না দেখলে যেন ঈদের আনন্দ পরিপূর্ণ হয়ে ওঠে না’।
ঈদের বিশেষ ইত্যাদির একটি অন্যতম আকর্ষণ বাদ্যযন্ত্রের মুর্ছনায় মনোমুগ্ধকর একটি নৃত্য।
নন্দিত নির্মাতা হানিফ সংকেত এবারের ইত্যাদিতেও একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করেছেন। আর এই নাচটিতে অংশগ্রহণ করেছেন দুই ভুবনের দুজন, জনপ্রিয় অভিনয় তারকা।
উল্লেখ্য, ইত্যাদির ঈদ অনুষ্ঠানের নাচটি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে করা হয়েছে। সময়ের জনপ্রিয় তারকারা এতে অংশগ্রহণ করে থাকেন।
হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ। এবারের নাচের মিউজিকটিতে রয়েছে ক্লাসিক্যাল, ফোক ও আধুনিক কম্পোজিশানের সংমিশ্রণ। মিউজিকে যেমন নুতনত্ব রয়েছে তেমনি নাচের কম্পোজিশনেও রয়েছে বৈচিত্র্য।
প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
