জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবার আগের চেয়ে বেশি রান স্কোরবোর্ডে যোগ করেছে লঙ্কানরা।
রান তাড়ায় দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ।
প্রথম টি-টোয়েন্টিতে ২৬ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। আজ সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতলে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতত বাংলাদেশ। কিন্তু ২১ রানে হেরে যাওয়ায় এক ম্যাচ আগেই সিরিজ হেরে গেল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। ১৫৫ রানের লক্ষ্যে নেমে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ৩৮ বলে গড়েন ৪৬ রানের জুটি। সপ্তম ওভারের দ্বিতীয় বলে দিলারাকে (২৩) ফিরিয়ে জুটি ভাঙেন কাভিশা দিলহারি।
তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন শারমিন আক্তার সুপ্তা। কিন্তু তাঁর সতীর্থরা সেভাবে সমর্থন দিতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রানে আটকে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার স্পিনার দিলহারি ৪ ওভারে ১৫ রানে ২ উইকেট নিয়েছেন। তিনিই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
