নাসিম রুমি: ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আলোচনায় বিশেষভাবে উঠে এসেছেন অভিনেত্রী সাবিলা নূর। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ও তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এর মাধ্যমে তিনি দর্শকের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছেন। সিনেমাটিতে ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করে তিনি ইতোমধ্যে দর্শকের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন।
ঈদের সিনেমাগুলো দেখেছেন এমন অনেক দর্শকই বলছেন, পাঁচটি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন সাবিলা নূর। বিশেষ করে ‘চিত্রা’ চরিত্রে তার অভিনয় আলাদা করে নজর কেড়েছে। মুক্তির পর থেকেই এই চরিত্রকে ঘিরে দর্শক প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যা সিনেমাটির জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সাবিলা নূর জানান, এই অভিজ্ঞতা তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। চরিত্রটির গভীরতা এবং ভিন্নধর্মী উপস্থাপন তাকে নতুনভাবে নিজেকে আবিষ্কার করার সুযোগ করে দিয়েছে। তার মতে, দর্শকের এমন ইতিবাচক প্রতিক্রিয়া তার জন্য বড় প্রাপ্তি।
তিনি আরও জানান, নির্মাতা তানিম নূর, সহশিল্পী মোশাররফ করিম, শরিফুল রাজসহ পুরো টিমের আন্তরিক সহযোগিতার কারণেই তিনি নিজের সেরাটা দিতে পেরেছেন। দর্শকের ভালোবাসা এবং টিমের সমর্থন তাকে কাজের প্রতি আরও আত্মবিশ্বাসী করেছে।
সাবিলা নূর বলেন, ‘চিত্রা’ চরিত্রটি তার কাছে সবসময়ই বিশেষ হয়ে থাকবে। দর্শকের ভালোবাসা তাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে। তিনি জানান, সামনে যে কাজগুলো করবেন, সেগুলোতে তিনি আরও সচেতন থাকবেন।
ঈদের সিনেমা হিসেবে ‘বনলতা এক্সপ্রেস’ ইতোমধ্যে দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করেছে। প্রেক্ষাগৃহে ঈদের অন্য চারটি সিনেমার তুলনায় এটি তুলনামূলকভাবে বেশি শো পেয়েছে এবং অনেক জায়গায় হাউজফুল প্রদর্শনীও দেখা গেছে।
একই সঙ্গে জানা গেছে, ৩ এপ্রিল থেকে সিনেমাটি কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে যাচ্ছে। এর আগে সোমবার সন্ধ্যায় সাবিলা নূর তার ঘনিষ্ঠদের নিয়ে সিনেমাটি উপভোগ করেন। সেখানে তার অনুসারী, পরিবার এবং স্বামীসহ ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
নিজের স্বামী নেহাল সম্পর্কে সাবিলা নূর বলেন, তিনি তার সবচেয়ে কাছের বন্ধু। তার কাজ নিয়ে স্বামী সবসময় সমালোচনা করলেও সেটি তিনি ইতিবাচকভাবে নেন এবং উপভোগ করেন। তবে ‘বনলতা এক্সপ্রেস’ দেখে তার স্বামী এবার পুরো সিনেমাটি উপভোগ করেছেন বলেও জানান তিনি।
