নাসিম রুমি ‘খাতা-কলমে তিনি প্রবীণ’ হয়েছেন অনেক আগেই। কিন্তু পর্দায় তার অ্যাকশন সিন দেখে তা বোঝার উপায় নেই। সুরেশ ত্রিবেণীর সিনেমা ‘সুবেদার’-এ বলিউডের অভিনেতা অনিল কাপুরের প্রথম ঝলক দেখে মুগ্ধতা প্রকাশ কলেছেন শাহরুখ খান।
নিউজ এইট্টিন লিখেছেন, অনিলকে নিয়ে শাহরুখের প্রশংসাবাক্য হল, ‘সংযত অথচ মনে দাগ কেটে যাওয়া’।
এক্সে ‘সুবেদার’-এর ঝলক শেয়ার করে শাহরুখ লিখেছেন, “আমার প্রিয় অনিল কাপুরকে এই লুকে দারুণ লাগছে। তোমার এই সংযত অথচ মনে দাগ কেটে যাওয়া অভিনয় (সবসময়ই আমায় অনুপ্রাণিত করে। অ্যাকশন দৃশ্যগুলোও জবরদস্ত! সুবেদারের টিমকে অনেক শুভেচ্ছা।”
শাহরুখের এই প্রশংসা পেয়ে আপ্লুত অনিল কাপুরও। তিনি পালটা উত্তরে লিখেছেন, “ধন্যবাদ শাহরুখ! তোমার এই শব্দগুলো আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা।”
‘সুবেদার’ সিনেমায় অনিল কাপুরকে একজন সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে, যিনি পরবর্তী জীবনে কঠিন বাস্তব এবং পারিবারিক সংগ্রামের মোকাবিলা করেন।
অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে দেখা যাবে। ভক্তরা ইতিমধ্যেই অনিলের এই পরিবর্তন দেখে তাকে ‘ভারতীয় সিনেমার টম ক্রুজ’ বলতে শুরু করেছেন।
চার দশকের বেশি সময় ধরে হিন্দি সিনেমার দুনিয়ায় রাজত্ব করছেন অনিল কাপুর।
দীর্ঘ ক্যারিয়ার নিয়ে অনিলের ভাষ্য, “আজও দর্শক আমার অভিনয় উপভোগ করছেন। আমাকে তারা ভালোবাসা দিচ্ছেন। পরিচালক, নির্মাতারা আমাকে কাজের সুযোগ দিচ্ছেন। আর এসব কিছুর জন্য আমাকে প্রতিদিনই যোদ্ধা হয়ে উঠতে হয়।”
অনিলের ভাষ্য তিনি প্রতিটি নতুন কাজে নতুন প্রাণশক্তি ধারণ করেন।
